ডিজিটাল রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী নির্বাচিত তরুণরা বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক থাকবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়। নীতিমালাটি অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়ে এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালায় জানানো হয়, কারিগরি স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি এবং হস্তশিল্পসহ যেকোনো বৈধ ব্যবসায়িক উদ্যোগ—তা নতুন উদ্ভাবনী ধারণা হোক কিংবা বিদ্যমান ব্যবসা—এই স্কিমের আওতায় অর্থায়ন পাবে।
কারা আবেদন করতে পারবেন?
প্রকৃত ও যোগ্য তরুণ উদ্যোক্তাদের কাছে এ তহবিল পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করেছে:
বয়সসীমা: আবেদন জমা দেওয়ার শেষ তারিখে আবেদনকারীকে অবশ্যই সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হতে হবে।
স্থানীয় স্থায়ী বাসিন্দা: প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ঋণমুক্ত হতে হবে: কোনো ঋণখেলাপি এই সুবিধার যোগ্য হবেন না। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্টে ঋণখেলাপির তথ্য মিললে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া, পূর্বে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন—এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন না।
কর্মসংস্থান সংক্রান্ত বাধা: সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মচারী এতে আবেদন করতে পারবেন না।
জামানতমুক্ত সুবিধা: তরুণদের ওপর থেকে আর্থিক চাপ কমাতে এই প্রোগ্রামের অধীনে কোনো প্রকার জামানত ছাড়াই ঋণ দেওয়া হবে।
বিস্তারিত pdf file : https://www.bb.org.bd/mediaroom/circulars/smespd/sep132026smespd05.pdf