সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের ব্যাংকে নগদ মাত্র ২ হাজার ৩০০ টাকা, তবে স্ত্রী সুমাইয়া সাদিয়ার সম্পদ তিন গুণের বেশি এবং আয়ও প্রায় দ্বিগুণ।
সুনামগঞ্জ, বাংলাদেশ | ৫ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। হলফনামায় দেওয়া সম্পদের বিবরণে দেখা যায়, ব্যাংকে তার নগদ মাত্র ২ হাজার ৩০০ টাকা, কিন্তু স্ত্রী সুমাইয়া সাদিয়ার সম্পদ তিন গুণের বেশি এবং বার্ষিক আয়ও প্রায় দ্বিগুণ।
হলফনামায় শিশির মনির উল্লেখ করেছেন, তার কাছে নগদ আছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংকে ২ হাজার ৩০০ টাকা, যানবাহন ৩৭ লাখ ৫০ হাজার টাকার, ইলেকট্রনিক সামগ্রী ৪ লাখ টাকার এবং ২৫ ভরি সোনা, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন।
অপরদিকে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি চাকরিতে কর্মরত। তার সম্পদ হিসেবে নগদ ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা, ব্যাংকে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা, বন্ড ঋণপত্র ৩ হাজার ৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা, যানবাহন ৪৩ লাখ ২৫ হাজার টাকার, উপহার হিসেবে ২৫ ভরি সোনা এবং ইলেকট্রনিক সামগ্রী ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকা।
হলফনামায় উল্লেখ আছে, শিশির মনিরের স্ত্রীর নামে অকৃষি জমি রয়েছে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকার।
শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলা, যা হাইকোর্ট বিভাগের আদেশে স্থগিত। অন্য মামলা বর্তমানে তদন্তাধীন।