চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের ডিস্টিলারি গোডাউন থেকে প্রায় অর্ধ কোটি টাকার বিলাতিমদ উধাওয়ের অভিযোগ
চুয়াডাঙ্গা | ০৬ জানুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ডিস্টিলারি গোডাউন থেকে প্রায় ৩০০ কার্টুন ফরেন লিকার (বিলাতিমদ) উধাও হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
কেরু চিনিকলের ডিস্টিলারি সূত্র জানায়, উধাও হওয়া ফরেন লিকারের বাজারমূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা। অভিযোগের সত্যতা যাচাই করতে ডিস্টিলারির হিসাব ও উৎপাদন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
ডিস্টিলারির ফরেন লিকার বিভাগের সুপারভাইজার আবুল কালাম জানান, প্রতিদিন উৎপাদিত ফরেন লিকারের হিসাব নিয়মিতভাবে নথিভুক্ত করা হয়। তবে একই পরিমাণ দু’বার হিসাবভুক্ত হয়েছে কিনা—সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে ফরেন লিকার উৎপাদন বিভাগের প্রধান ও গোডাউন ইনচার্জ নুরুল ইসলাম দাবি করেন,
“দিন শেষে হিসাব অনুযায়ী গোডাউনে মালামাল সঠিক রয়েছে। কোনো ধরনের গরমিল পাওয়া যায়নি।”
জি এম (ডিস্টিলারি) রাজিবুল হাসান বলেন,
“৩০০ কার্টুন ফরেন লিকার উধাও হওয়ার তথ্য সঠিক নয়। গোডাউনটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে।”
তবে বিষয়টির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) হিসাব বিভাগের প্রধান গোলাম জাকারিয়াকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
তিনি জানান, তদন্ত কমিটি মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।