ডিজিটাল স্বাস্থ্যসেবা, তরুণ উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে কাজ করবেন প্রধান উপদেষ্টা
ঢাকা, বাংলাদেশ — ১১ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বর্তমানে বাংলাদেশ সফর করছেন আকি আবে। সাক্ষাৎকালে তিনি প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাৎকালে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে জানতে চান—আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে তিনি কীভাবে সময় কাটাবেন এবং তার পরবর্তী কর্মপরিকল্পনা কী হবে। জবাবে ড. ইউনূস জানান, নির্বাচন শেষে তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
প্রথমত, ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে। এর মাধ্যমে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন—সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত রাখা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সংশ্লিষ্ট কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রা বজায় রাখতে এসডিজি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপ-প্রেস সচিব আরও জানান, আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সফরকালে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে।