এক বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অভাবনীয় সাফল্য
ডিজিটাল ডেস্ক, ২১ জানুয়ারি ২০২৬
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০২৫ সালে বার্ষিক আয় ২০০০ কোটি ডলার ছাড়িয়ে বিশ্ব প্রযুক্তি বাজারে রেকর্ড স্থাপন করেছে। ২০২৪ সালের তুলনায় এক বছরের ব্যবধানে তিন গুণেরও বেশি আয়ের এই বৃদ্ধি প্রতিষ্ঠানটির কম্পিউটিং ক্ষমতা ও প্রযুক্তিগত বিস্তারের সঙ্গে সম্পর্কিত।
রোববার (১৮ জানুয়ারি) এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রায়ার জানিয়েছেন, ২০২৪ সালে কোম্পানির বার্ষিক আয় ছিল মাত্র ৬০০ কোটি ডলার। ২০২৫ সালে কম্পিউটিং সক্ষমতা ০.৬ গিগাওয়াট থেকে বেড়ে ১.৯ গিগাওয়াটে পৌঁছেছে, যা আয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মাইক্রোসফটের সমর্থনপুষ্ট ওপেনএআইয়ের ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে। সারাহ ফ্রায়ার উল্লেখ করেন, প্রযুক্তির উন্নয়নে প্রয়োজনীয় বিশাল খরচ সামাল দিতে এবং আয়ের নতুন উৎস তৈরি করতে কোম্পানি ইতোমধ্যে কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে।
বর্তমানে লেখা, ছবি, কণ্ঠস্বর ও কোডিংয়ের ক্ষেত্রে কাজ করে আসছে ওপেনএআই, তবে আগামীতে তারা ‘এআই এজেন্ট’ এবং ‘ওয়ার্কফ্লো অটোমেশন’ প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দেবে।
ওপেনএআইয়ের নীতি নির্ধারণ বিভাগের প্রধান ক্রিস লেহ্যান জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি প্রথম ইলেকট্রনিক ডিভাইস বাজারে উন্মোচনের পরিকল্পনা করছে।
২০২৬ সালের জন্য কোম্পানির মূল লক্ষ্য হবে স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা। সারাহ ফ্রায়ার আরও জানান, তারা আর্থিক হিসাব হালকা রাখার নীতি গ্রহণ করেছেন এবং বিভিন্ন হার্ডওয়্যার সরবরাহকারী ও অংশীদারের সঙ্গে নমনীয় চুক্তির মাধ্যমে কাজ করবে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ওপেনএআইয়ের এই অগ্রযাত্রা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক বাজারে তাদের আধিপত্য আরও সুসংহত করবে।