ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রচারের প্রথম দিনেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছে।
দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে সিলেট থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এক সমাবেশে অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রচারের প্রথম দিনেই তিনি সাতটি জেলায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচার শুরু হয় রাজধানী ঢাকা থেকে। দলটির আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের আওতাধীন মিরপুর-১০ এলাকায় ‘নির্বাচনী জনসভা’র মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী যাত্রার সূচনা হয়।
এনসিপির নির্বাচনী যাত্রার প্রথম দিনের মূল দুটি অঙ্গীকার হিসেবে দলটি উল্লেখ করেছে— সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।