ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৬
ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্ভাবনাময় শ্রমবাজার ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদিত হয়।
বৈঠকে ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে নতুন করে জনবল নিয়োগ না করে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৫০ শতাংশ। একই সঙ্গে দেশটিতে শ্রমবাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা জোরদার করতেই নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে অনুমোদিত অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে—
কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬,
পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬,
জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬,
বাংলাদেশ প্রাণী ও প্রাণিজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ-২০২৬,
আমদানি নীতি আদেশ ২০২৫–২০২৮,
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এবং
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬।
পাশাপাশি, প্রতি বছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদযাপনের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।