বগুড়া, ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বেলা সোয়া ১১টায় বগুড়া নাজ গার্ডেন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,
“আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য সবাই কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।”
তিনি আরও যোগ করেন, “বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শুধু ভোট চাইলেই হবে না; বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।”
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। সভায় উপস্থিত ছিলেন ভিপি সাইফুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আলী আসগর তালুকদার হেনা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।
মতবিনিময় সভার পর তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা পথসভার প্রস্তুতি নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি জেলার শেরপুরের ধুনট মোড়ে একটি পথসভায় ভাষণ দেবেন।