ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও কোস্ট গার্ড সদর দফতরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার বিষয়ে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। বিশেষ করে কোস্ট গার্ড সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্ট গার্ডের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে বাহিনীটি সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালিত হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সতর্ক করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণসহ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাহিনীটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনরায় বলেন, কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
1 Comment
Refer friends and colleagues—get paid for every signup!