উখিয়া (কক্সবাজার), ০৬ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেছেন, তিনি প্রতিশোধের রাজনীতি করতে আসেননি; বরং মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটাতেই তার রাজনৈতিক পথচলা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর আহমেদ আনোয়ারী বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘ সতের মাস ধরে জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। বহু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকার পরিপন্থী।
তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া প্রকৃত শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহর ওপর ভরসা রেখে আমি সবসময় মজলুম মানুষের পাশে থেকে সামনে এগিয়ে যেতে চাই।”
পথসভা শেষে তিনি একটি বিশেষ মহলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে। বাস্তবে এটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ। গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়।
তিনি এ ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
👥 অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।