প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের বাস্তবায়ন ও প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সকাল সাড়ে ১১টার পর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা রোড পর্যন্ত মিছিল চলাকালীন পুলিশ সরকারি কর্মচারীদের ওপর বলপ্রয়োগ করে। এতে বহু কর্মচারী আহত হন।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বলপ্রয়োগ কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব।
জামায়াতে ইসলামী সরকারের প্রতি আহ্বান জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা হোক। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া এবং সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মানা জরুরি।