বোরহানউদ্দিন (ভোলা) | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বোরহানউদ্দিনে হাজার হাজার নারী রাজপথে নেমে বিশাল মিছিল করেছে।
শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ শেষে এই মিছিল বের করা হয়। সমাবেশ ও মিছিলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্তা বা নির্যাতন হলে তার কঠোর জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির কেন্দ্রীয় নেতা মোকফার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে? আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই।
তিনি আরও বলেন, হুমকি ও ধামকি দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। যেখানে ভয় দেখানো হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাকসুদুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মো. আবুল কালাম। বক্তারা নারী সমাজকে সংগঠিত হয়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মহিলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সভানেত্রী লাইজু বেগম। তিনি নারীদের অধিকার, নৈতিক শিক্ষা এবং সমাজ গঠনে নারীদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন।