সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চাই
ভেড়ামারা (কুষ্টিয়া), ৭ ফেব্রুয়ারি ২০২৬:
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একাধিক স্থানে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও নারী নির্যাতন বন্ধ হবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। “ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক,”—বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্ক সৃষ্টি করেছে, বেকারত্ব বাড়ছে এবং নারী নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, “আমরা সবাই যদি সচেতন হই এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই অবস্থা বদলানো সম্ভব।” এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
বুলবুল আহমেদ বুলুর সভাপতিত্বে এবং শিহাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিশেষ বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলাবিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন এবং বিএনপি নেতা কামরুজ্জামান জামালসহ স্থানীয় নেতাকর্মীরা।