বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো মানুষ
ডেস্ক রিপোর্ট | ৭ ফেব্রুয়ারি ২০২৬
ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক। খবর আরবি নিউজের।
শনিবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো এক বিবৃতিতে জানায়, “রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে পুনরায় বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এর ফলে দেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।”
সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে।
এদিকে যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক তৎপরতা চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। জানুয়ারি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় কিয়েভ ও মস্কো বন্দি বিনিময়ে সম্মত হলেও ইউক্রেনীয় ভূখণ্ড সংক্রান্ত মূল ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি।
অন্যদিকে, শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় এক শীর্ষ সামরিক গোয়েন্দা জেনারেল গুলিবিদ্ধ হন। এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ অবকাঠামোতে হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের বেসামরিক জীবনযাত্রা আরও দুর্বিষহ করে তুলতে চাপ বাড়াচ্ছে, যা চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।