ঢাকা । ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি মহাখালী কড়াইল বস্তি এলাকায় যান। এ সময় সড়কে উপস্থিত ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। তিনি হাত তুলে সবার কাছে দোয়া চান।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান।
একই কেন্দ্রে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোট দেন। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনের ৪২ হাজার ৯৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
1 Comment
Turn traffic into cash—apply to our affiliate program today!