ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার পৃথক টেলিফোন আলাপের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই নেতাদের সঙ্গে কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের কারণে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দলের বিজয়ের জন্য অভিনন্দন জানান।
পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে নির্বাচনের সাফল্য ও পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।