ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে অভিযোগগুলো তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
রিটকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়েছিল।