অনলাইন ডেস্ক , ০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহতের নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)।
রোববার রাতে দেশে থাকা সালেখের স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি গাজীটেকার মৃত সবর আলীর ছেলে এবং মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালেখ উদ্দিন ১৫ থেকে ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন এবং সেখানে পানির গাড়ি চালাতেন।
গত ২৮ ফেব্রুয়ারি তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে পহেলা মার্চ ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গতকাল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ইরানের ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ড্রোন প্রতিহত করেছে।