অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে দেশের বৃহত্তম কোলটান খনিতে মঙ্গলবার সুড়ঙ্গ ধসে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে।
উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে রুবায়া খনিতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিন নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
গোমার এক প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল জানান, তিনি স্ট্রেচারে দুইটি মরদেহ দেখেছেন। অন্য একজন প্রত্যক্ষদর্শী বলছেন, নিহতরা ছয়জন, যার মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। মৃতদের স্বজনরা খনির দিকে ছুটে গেছেন।
রুবায়ার খনিগুলোয় কয়েক হাজার শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। অধিকাংশ শ্রমিক সাধারণ কোদাল ব্যবহার করেন এবং রাবারের বুট পরিধান করে কাজ করেন। এই খনি বৈশ্বিক কোলটান উৎপাদনের ১৫ থেকে ৩০ শতাংশ সরবরাহ করে।
এটি ২০২৪ সালের এপ্রিল থেকে এম ২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। গাসাসা কোয়ারি নামে পরিচিত এলাকায় এ ধসের ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় রুবায়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী ধস; গত মাসের শেষ দিকে সেখানে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল বলে সরকার আশঙ্কা প্রকাশ করেছিল।