কাঠমন্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনৈক যাত্রীর লাগেজকাটা সংক্রান্ত ভাইরাল ভিডিও এর সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বক্তব্য।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু-ঢাকা BG374 ফ্লাইটটি গত ৪ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ২১:৫৫ ঘটিকায় ঢাকায় অবতরণের পর Bay 19 এ অবস্থান করে। এয়ারপোর্ট কর্তৃক এরাইভেল ব্যাগেজ বেল্ট নির্ধারণের পর উক্ত ফ্লাইটের প্রথম ব্যাগেজ ২২:৩০ ঘটিকায় এবং সর্বশেষ ব্যাগেজ ২৩:২০ ঘটিকায় বেল্টে আসে। এ ফ্লাইটটি Boeing 737 হওয়ায় Bulk লোডিং হয়। ব্যাগেজ ডেলিভারি শেষ হওয়ার পর কয়েক জন যাত্রী তাদের কিছু ব্যাগের তালা ও চেইন ভাঙা দেখতে পান। এতে তারা উত্তেজিত হয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করতে শুরু করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যান্ডলিংয়ের দায়িত্বরত কর্মচারীগণ তাদেরকে অভিযোগ দাখিলের অনুরোধ করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে মর্মে জানায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ ডেলিভারি সংক্রান্ত কাজে নিয়োজিত সকল কর্মকর্তা/কর্মচারীদের সাথে Body Worn Camera সংযুক্ত থাকে। তাছাড়া পুরো ব্যাগেজ এরিয়াটি CCTV Camera নিয়ন্ত্রিত বিধায় অনাকাঙ্খিত ঘটনা ঘটানো সম্ভব নয় এবং ঘটলেও তা সাথে সাথে সনাক্ত করা হয়। উক্ত যাত্রীরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দাখিল করেননি এবং কোনো মালামাল হারানোর বিষয়ে লিখিত অভিযোগও প্রদান করেননি। শুধু ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাটাই তাদের মূল লক্ষ্য। Body Worn Camera ফূটেজ দেখে এটা প্রতিয়মান হয় যে, উক্ত ঘটনাটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ঘটেনি। Origin স্টেশন থেকে ব্যাগেজের তালা ও চেইন ভাঙা অবস্থায় ঢাকা স্টেশনে পৌঁছে।