জেনেভা, ১১ মার্চ ২০২৬
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্বল্প আয়ের মানুষ।
মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে ইউএনসিটিএডি। সংস্থাটি বলছে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হলে জ্বালানি, সার এবং পরিবহন খরচ বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্যমূল্যের ওপর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। কারণ এসব দেশে খাদ্য আমদানির ওপর নির্ভরতা বেশি এবং জ্বালানি ব্যয় বাড়লে খাদ্য উৎপাদন ও সরবরাহ উভয় ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পায়।
ইউএনসিটিএডির পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৮ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
এ ছাড়া বিশ্বের মোট এলপিজির প্রায় ২৯ শতাংশ এবং এলএনজির প্রায় ১৯ শতাংশ এই জলপথ দিয়ে সরবরাহ করা হয়।
খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও হরমুজ প্রণালীর গুরুত্ব রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজযোগে বিশ্বে যে পরিমাণ সার পরিবহন করা হয় তার প্রায় এক-তৃতীয়াংশই এই প্রণালী দিয়ে পার হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।