প্রকাশ : ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার অন্তত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও।
বুধবার সারাদিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এতে করে যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন (অ্যারাইভাল) ও একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইগামী একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে এয়ার আরাবিয়ার শারজাহ রুটের দুটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, সালাম এয়ারের মাস্কাট রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।