প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
নতুন আইজিপি ও র্যাবের ডিজি নিয়োগের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ বাহিনীতে চলছে তীব্র আলোচনা। নিজেদের বলয়ের কর্মকর্তাকে এ পদে বসাতে বিভিন্ন গ্রুপের মধ্যে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা।
গত ২৪ ফেব্রুয়ারি আলী হোসেন ফকির নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর থেকে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিগগিরই ডিএমপিতে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হতে পারে। এ পদে এখন পর্যন্ত দুজন কর্মকর্তা আলোচনায় এগিয়ে আছেন। তারা হলেন—রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মো. ফারুক।
সূত্রগুলো বলছে, বর্তমান আইজিপি ১৫ ব্যাচের কর্মকর্তা হওয়ায় তিনি জুনিয়র ব্যাচের একজন কর্মকর্তাকে ডিএমপি কমিশনার হিসেবে দেখতে চান। অন্যদিকে ১৫ ব্যাচের কর্মকর্তারা চাইছেন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইউনিটের নেতৃত্ব তাদের ব্যাচ থেকেই আসুক। এ নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে জটিলতা তৈরি হয়েছে।
এছাড়া বিগত সময়ে পদোন্নতি ও পদায়নে বঞ্চিত কর্মকর্তাদের একটি অংশও নিজেদের পছন্দের প্রার্থীকে সামনে আনতে চেষ্টা করছে। এ ক্ষেত্রে মো. কোহিনুর মিয়ার নামও আলোচনায় রয়েছে।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্রহী কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে। তারা নিজেদের অভিজ্ঞতা, অতীত পদায়ন এবং প্রশাসনিক দক্ষতার বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরছেন।
পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর আইনশৃঙ্খলা, অপরাধ দমন এবং প্রায় ৩২ হাজার সদস্যের বিশাল বাহিনী পরিচালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে খুঁজছে সরকার।
সূত্রগুলো আরও বলছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় এমন একজন কমিশনারকে অগ্রাধিকার দেওয়া হতে পারে, যিনি মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সরকারকে কার্যকরভাবে সহায়তা করতে পারবেন।
তবে ডিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার দেড় মাস পর অবসরে যাবেন। ফলে এই সময়ের মধ্যে নতুন কমিশনার নিয়োগ নাও হতে পারে।