ফরিদপুর, বাংলাদেশ, ০৩ এপ্রিল ২০২৬
কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সরকার দেশের ভেতরে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে সরকার তৎপর।”
প্রতিমন্ত্রী আরও জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
নদীভাঙন ও পানি উন্নয়ন
ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভাঙন রোধে সরকার শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে যাতে মানুষের সম্পদ ক্ষতি এড়ানো যায়।
পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী সফরের শেষে সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।