শিক্ষাপ্রতিষ্ঠানে নকল রোধ ও কোচিং সেন্টারের নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা
কুমিল্লা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক হবে, যাতে শিক্ষকরা পাঠদানে সময়মত উপস্থিত থাকছেন কিনা তা রেকর্ড করা যায়। তিনি আরও জানান, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে এবং নিবন্ধনের আওতায় আনা হবে সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন।
শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই বছর পাসের হার জিরো পার্সেন্ট হলেও এমপিও বাতিল হবে না। আগামী বছর থেকে আর ছাড় দেওয়া হবে না। পরীক্ষা চলাকালে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। প্রতিষ্ঠানের বাথরুমেও যদি নকল পাওয়া যায়, তার জন্য প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। বাইরে থেকে কেউ নকলের সহযোগিতা করলে তাদের আইনের আওতায় আনা হবে। কোনো শিক্ষার্থীকে নকল করতে দেওয়া হবে না।”
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সাদগাহে জারিয়ার সওয়াব পাবেন। শিক্ষা মন্ত্রণালয় আমার এবাদতখানা। এখানে অসৎ কাজ করা যাবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এবং ডেপুটি কন্ট্রলার মো. কবির আহমেদ সভার সঞ্চালনা করেন।