যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে পারমাণবিক বিষয়গুলোও ছিল।
এদিকে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, কয়েক সপ্তাহের লড়াই শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর পথে ইরান ও যুক্তরাষ্ট্র অগ্রগতি করেছে, কিন্তু তেহরানের পারমাণবিক কর্মসূচিসহ বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে।
ইরানি কর্মকর্তা বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেলেও দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে।
ইরানি কর্মকর্তা জানান, ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য এবং ইরানের ওপর পারমাণবিক নিষেধাজ্ঞার সময়কাল বিরোধের অন্যতম বিষয়।
রয়টার্স ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু বিষয়ে মতপার্থক্য কমাতে সাহায্য করেছে, যা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার আশা জাগিয়েছে।