ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার।
তরুণদের হাত ধরেই আগামীর রাজনীতির গতিপথ বদলাবে এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ উদ্যোগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মৃতিচারণ আড্ডা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন,জন আকাঙ্ক্ষার বাংলাদেশ কোনো সাময়িক আবেগ ছিল না; বরং এটি ছিল দেশের প্রচলিত অপরাজনীতির বিপরীতে একটি আদর্শিক জাগরণ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন নিয়েই আমাদের এই যাত্রা শুরু হয়েছিল, যা আজ দেশব্যাপী বিস্তৃত হয়েছে। একটি সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে এই আন্দোলনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাত বছর আগে যে স্বপ্ন নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছিল, তা আজ একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এবি পার্টি এমন এক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বৈষম্য থাকবে না এবং ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
দেশের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী রাজনীতির মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। অতীতের সংকীর্ণতা ও মতাদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এবি পার্টি একটি গণমুখী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরও বলেন, “জন আকাঙ্ক্ষার বাংলাদেশ”-এর মূল চেতনা ছিল জনগণের বাস্তব চাহিদাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা, এবং এবি পার্টি সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।
সবশেষে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিকল্প রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনই হতে হবে প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাত উল্লাহ টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক( বরিশাল) গাজী নাসির, লন্ডনপ্রবাসী শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর,সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির।
বক্তারা তাঁদের স্মৃতিচারণে আন্দোলনের সূচনালগ্নের চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তফাজ্জল হোসেন রমিজ,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।