জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়সংবলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুমোদিত প্রকল্পসমূহ:
- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)
- গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)
- জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীতকরণ (প্রথম ফেইজ)
- হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)
- সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ (২য় সংশোধন)
- সাভার সেনানিবাসে সৈনিকদের জন্য এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ
- চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প (৫ম সংশোধিত)
- পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)
- ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)
এছাড়া, পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। প্রকল্প দুটি হলো—
১. ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প
২. বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।