২০ অক্টোবর ২০২৬,বরিশাল
প্রেস বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন।
তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক হারুন খান এবং সদস্য বাহারুল গাজী, রাজিব খান ও সজিব হোসেন। এ ছাড়া চরকালেখান ইউনিয়ন এবি পার্টির আহ্বায়ক জাকির রাড়ী, যুগ্ম আহ্বায়ক মহিবুল সরদার ও ইমরান সরদার, যুগ্ম সদস্য সচিব আবু বকর সরদার এবং সদস্য আবু বকর সিদ্দিক ও বিল্লাল সরদারসহ ইউনিয়নের মাঠপর্যায়ের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ ছাত্রপক্ষের নের্তৃবিন্দ উপস্থিত ছিলেন।
এবি পার্টি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।