বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ জন্য জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি বাসা-বাড়ি, নালা-নর্দমা, ড্রেন-খালসহ এডিস মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রেখেছে। পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সক্রিয় রাখা হয়েছে।
তিনি বলেন, দলের নেতাকর্মীদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশে নালা, নর্দমা, ড্রেন, ফুটপাত ও খাল পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থলে ওষুধ ছিটানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে পুরান ঢাকার বিভিন্ন খাল পরিষ্কারের কাজও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান।
রুহুল কবির রিজভী বলেন, জনদুর্ভোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই গুরুত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন৷