সংসদীয় কমিটির কার্যকর তদারকি, সরকারি জবাবদিহিতা এবং তথ্য ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তাদের জন্য একটি সক্ষমতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সুইজারল্যান্ড দূতাবাস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের সহযোগিতায় ২৬–২৯ অক্টোবর ২০২৬ তারিখে দুইটি ব্যাচে “সংসদীয় কমিটির তদারকি জোরদার: কার্যপ্রণালি থেকে বাস্তব প্রয়োগ” শীর্ষক এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি ব্যাচের জন্য দুই দিনব্যাপী এই আয়োজন পরিচালিত হয়।
সংসদীয় স্থায়ী কমিটির সচিব ও কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ওরিয়েন্টেশনে কমিটির কার্যক্রম পরিকল্পনা ও প্রস্তুতি, তদারকি কার্যক্রম পরিচালনা, তথ্য-প্রমাণ পর্যালোচনা, কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ নথিভুক্তকরণ, প্রতিবেদন প্রণয়ন এবং সরকারি কার্যক্রমের অগ্রগতি অনুসরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সম্ভাবনাও তুলে ধরা হয়।
ওরিয়েন্টেশনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সংসদীয় তদারকি কার্যক্রমকে আরও কার্যকর করতে গবেষণাভিত্তিক প্রস্তুতি, পেশাদারিত্ব, যথাযথ আচরণবিধি এবং প্রাতিষ্ঠানিক শিষ্টাচার অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।