চাঁদপুরের বাগাদী চৌরাস্তা এলাকায় একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকার খোকনের হোটেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তিনটি কম্পিউটার দোকান, একটি ফার্মেসি, দুটি হোটেল ও কয়েকটি মুদি দোকান রয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খোলার আগেই তাদের সব পুড়ে যায়। কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, দোকানগুলো টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।