কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযানে এসব গাঁজা জব্দ করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হলেও ইউপি সদস্য পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে প্রথমে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পরবর্তীকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছারের দেওয়া তথ্য অনুযায়ী, নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে সেখানে শুকাতে দেওয়া অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় ইউপি সদস্য নূরুল ইসলাম ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
আটক কাউছার শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নূরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শশীদল ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং কাউছার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পলাতক ইউপি সদস্য নূরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি।