খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বর্মাছড়িমূখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।
অভিযান শেষে উদ্ধারকৃত কাঠ স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। সেনাবাহিনীর এই অভিযান অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা হিসেবে কাজ করবে।