ঢাকা, ১ নভেম্বর ২০২৫:
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানরা।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেন। তিনি তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
প্রফেসর ইউনূস বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। জানা যায়, নির্বাচনের সময় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দল মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েনের পরিকল্পনাও জানানো হয়।
এছাড়া, বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন সময়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক বাহিনীর ওপর জনগণের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।