চার সপ্তাহের বিরতির পর শনিবার আবার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন অভিবাসীরা। এই ঝুঁকিপূর্ণ যাত্রা পুনরায় শুরু হওয়ায় দেশটিতে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নতুন করে জোরদার হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই ধরনের পারাপারকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
শনিবার চ্যানেলে একাধিক ছোট নৌকা দেখা গেলেও সেদিন কতজন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ বর্তমানে দেশটির অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। এই বিষয়টি অভিবাসনবিরোধী রাজনীতিক নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টির জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হচ্ছে বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ‘কার্যকর পদক্ষেপ’ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রসচিব অবৈধ অভিবাসন রোধে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংস্কার উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য অবৈধভাবে যুক্তরাজ্যে আসার প্রণোদনা কমানো এবং যাদের থাকার বৈধ অধিকার নেই, তাদের দ্রুত ফেরত পাঠানো।