জাতীয় ডেস্ক
জুলাইয়ের গণআন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এই বিশাল প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্রসমাজ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখো মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দলে দলে জানাজাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়।
শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ টহল মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় এক হাজার বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়।
এর আগে সকালে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল শোক মিছিলের মাধ্যমে শহীদ হাদির মরদেহ জানাজার মাঠে আনা হয়। পুরো পথজুড়ে স্লোগান ও অশ্রুসিক্ত পরিবেশে মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শহীদ হাদির পরিবারের ইচ্ছা ও সম্মান রক্ষার্থে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায় দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে বিদেশে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে টানা চিকিৎসা ও জীবন-মৃত্যুর লড়াই শেষে গত ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন।
পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
গণঅভ্যুত্থানের পর শহীদ হাদি তরুণ সমাজের কাছে প্রতিবাদের সাহসী প্রতীক হয়ে উঠেছিলেন। তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি সেই ভালোবাসা ও শ্রদ্ধারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিত জনতা।
লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়: শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন
Previous Articleওসমান হাদির জন্য শিল্পাঙ্গনে শোকের মাতম
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000