চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— গুমানমর্দ্দন ইউনিয়নের মাহফুজ আলম ওরফে মানিক (১৯), আবদুল হক (২০), মো. মিনহাজুর রহমান (১৯), মির্জাপুর ইউনিয়নের মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার আল-নাহিয়ান (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় অবস্থিত সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে।
হামলার ঘটনায় তার চাচা আকবর আলীর ব্যবহৃত একটি প্রাইভেটকার, বাড়ির রান্নাঘর এবং কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার ওমর আলী ফয়সাল নামে এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–২২)।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তারা সরাসরি হামলায় অংশ নিয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।