এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
জারা বলেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনারা এবং দেশের মানুষের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি রক্ষা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।”
তিনি আরও জানান, দলভিত্তিক প্রার্থীদের সুবিধা যেমন স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী, প্রশাসন ও সরকারের সঙ্গে যোগাযোগের সুবিধা তার কাছে নেই। তাই তার একমাত্র ভরসা জনগণই।
ভোটার সমর্থনের আহ্বান:
জারা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ কামনা করেছেন। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদের নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে : https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/
ফান্ডরেইজিং ও অর্থ ফেরত:
তিনি আরও জানান, নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা ডোনেট করেছিলেন এবং এখন স্বতন্ত্র হিসেবে লড়াই করার কারণে অর্থ ফেরত চাইলে, তাদের জন্য একটি ফর্মের মাধ্যমে অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিকাশ এবং ব্যাংক ডোনেশন সম্পর্কিত বিস্তারিত দেওয়া হয়েছে ফেসবুক পোস্টে।
লিংকঃ https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA