ঢাকা | জানুয়ারি ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে এ নিয়োগ কার্যক্রমের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে পরবর্তী নিয়োগ কার্যক্রম শুরু হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসেবে এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। তবে এসব তথ্যের যথার্থতা যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে পৃথকভাবে চিঠি পাঠানো হয়।
যাচাই শেষে দেখা যায়, প্রাপ্ত তালিকার মধ্যে প্রকৃত শূন্য পদ রয়েছে ৬৮ হাজার। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ করা সম্ভব হয়।
এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রণালয়ের অনুমোদন দ্রুত মিললে অল্প সময়ের মধ্যেই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। এতে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।