গুয়াহাটি, ৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ–ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রভাব এবার পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।
রাজনৈতিক বিতর্ক ও চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শনিবার (৩ জানুয়ারি) ভারতের গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই-কে বলেন, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন,
“ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও চাপ তৈরি হয়েছিল। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই পরিস্থিতিতে কেকেআরকে মোস্তাফিজকে মুক্তি দিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান,
“সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে, তারা যেন বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও বিসিসিআই অনুমোদন দেবে।”
এর আগে মোস্তাফিজকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও উগ্র গোষ্ঠীর পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। এমনকি কয়েকজন উগ্র নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এতে করে শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এছাড়া কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরু এই ইস্যুতে শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনাও করেন।
সব মিলিয়ে রাজনৈতিক চাপ, নিরাপত্তা উদ্বেগ ও বিতর্কের জেরে শেষ পর্যন্ত আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলো।