ঢাকা | শনিবার, ৪ জানুয়ারি ২০২৬
ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে সম্প্রতি নানা গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কলকাতার নায়িকা বাদ পড়া, শুটিং বন্ধ হয়ে যাওয়া এবং ছবির মুক্তি অনিশ্চিত—এমন নানা খবরে যখন দর্শক ও সিনেপ্রেমীরা বিভ্রান্ত, ঠিক তখনই মুখ খুলেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
জানা যায়, আগামী ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। এরই মধ্যে তাসনিয়া ফারিণের নাম চূড়ান্ত হলেও দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন—তা নিয়ে চলছিল জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম আলোচনায় এলেও তিনি নিজেই বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন।
এদিকে বর্তমান পরিস্থিতিতে কলকাতার নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে যুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। বিশেষ করে গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন প্রশংসিত হওয়ায়, ভক্তদের বড় একটি অংশ আবারও এই জুটিকে বড় পর্দায় দেখতে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া ভারত-বাংলাদেশ ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিভ্রান্তি ও হতাশা।
সব জল্পনায় ইতি টেনে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এক বিবৃতিতে জানায়, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে ছড়ানো অধিকাংশ খবরই গুজব। বিবৃতিতে বলা হয়, “চলমান পরিস্থিতিতে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ‘প্রিন্স’ টিম তা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি আমরা শুটিংয়ে যাচ্ছি। সময়মতো ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হবে।”
নির্মাতা আবু হায়াত মাহমুদও একই বক্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার করে দর্শকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত হচ্ছে। ক্রাইম, অ্যাকশন, প্রেম ও আবেগের সংমিশ্রণে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই বড় পর্দায় মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমা।