চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সরকার নিজেদের স্বার্থে তা বাস্তবায়ন না করে নানা টালবাহানা করছে। গণভোটের ম্যান্ডেট মানতে সরকার টালবাহানা করছে।
আজ রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
মঞ্জু বলেন, লকিছু সুনির্দিষ্ট কথা বলার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। দেশের জনগণ গণভোটে ভোট দিয়েছে। সেই গণভোটের মাধ্যমে সরকারের কাছে যে দাবি ও ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সরকার তা গ্রহণ করতে চাচ্ছে না। যখনই আমরা গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের কথা বলছি, তখনই সরকার নানা টালবাহানা করছে এবং জনগণের দাবি শুনতে চাচ্ছে না।
তিনি বলেন, “এই বাংলাদেশে অনেক রক্ত ও জীবন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেব। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবু সাঈদের নাম লিখব। আমাদের জীবনের প্রত্যেকটি রক্তের ফোঁটাকে শাহাদাতের অমূল্য প্রাণে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করব, ইনশাআল্লাহ।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে মঞ্জু বলেন, আমাদের একজন ওসমান হাদি ছিল, ওসমান হাদির আরেকটা ফটোকপি আপনাদের সামনে হাজির করলাম।
তিনি বলেন, বীর চট্টলার জনগণ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের অধিকার ও গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলনে চট্টগ্রামের মানুষ ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।