গতকাল জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলন ২০২৬ করেছে জাতীয় যুবশক্তি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে কোন করিডর হবে না। কোন ট্রান্জিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় কোন চ্যানেল বাংলাদেশে চলবে না। আমরা মাওলানা ভাষানীর ইতিহাসকে স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয়, আমরা আবারও লং মার্চের জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকার এখন বিভিন্ন দেশের দুয়ারে দুয়ারে ঘুরতেছে ঋণের জন্য। কিন্তু সরকারকে কেউ বিশ্বাসও করছে না, ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধু রাষ্ট্র। জাপান বাংলাদেশে ইনভেস্ট করেছে অতীতেও। কিন্তু এই মাতার বাড়ি নিয়ে সরকার জাপানের সাথে কি কি চুক্তি করছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোন ধরনের ধোঁয়াশা রেখে, সংসদে আলোচনা ব্যতীত আমরা বাংলাদেশে কোন জাতীয় চুক্তি পাশ করতে দেব না। এই চুক্তিতে ভারতকে কোন ধরনের অবৈধ করিডরের ট্রানজিটের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে তা বাংলাদেশের জনগণ রুখে দেবে, ইনশল্লাহ।’
নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে সালাউদ্দিন আহমেদ মতামত চেয়েছেন। সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের কোন মতামত দেওয়ার কিছু নাই। উনি কে মতামত চাওয়ার। তারা এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলছে। নির্বাচনের আগেই আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে নতুন করে আর কোন আলোচনার কিছু নাই। এখন হচ্ছে বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানকে সংস্কার করতে হবে। এর অন্যথা কোন কিছু হলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না। বাংলাদেশের বিরোধী দল সেটা মানবে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম, শ্রমিকরা সেটা মানবে না।’
শ্রমিকদের আন্দোলন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শ্রমিরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়িয়েছে। কিন্তু শ্রমিক আর বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।’