বাংলাদেশ খেলাফত মজলিস কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেলে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট (টেম্পু স্ট্যান্ড) এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, দেশের উৎপাদন খাত ক্রমাগত সংকুচিত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ার ফলে শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকায় প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে উপনীত হয়েছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে কেউ কেউ পার্শ্ববর্তী দেশের স্বার্থে কাজ করছেন। এর ফলে দেশের গার্মেন্টস খাত ও বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্র সংস্কার জরুরি ছিল। কিন্তু সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রের সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান তিনি।
আল্লামা মামুনুল হক বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; পুলিশ হবে জনগণের সেবক এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান। পুলিশ ও প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। সরকারি নিয়োগে মেধা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনেরও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ ইনসাফ ও ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দেশত্যাগের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির সংবিধান সংস্কারের পূর্ববর্তী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৩১ দফার অন্যতম প্রধান বিষয় ছিল সংবিধান সংস্কার। অথচ ক্ষমতায় আসার পর সেই অঙ্গীকার বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে। তিনি বলেন, জনগণের গণভোটের রায় ও সংস্কারের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী দিচ্ছে। এ সময় কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ সাইদুজ্জামান শাহীনের নাম ঘোষণা করে তাঁকে এলাকাবাসীর হাতে তুলে দেন। তিনি বলেন, জনগণ তাঁকে প্রতিনিধি নির্বাচিত করলে এলাকার মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিদেশি আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক এর পক্ষেও তিনি এলাকাবাসীর সমর্থন কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মুফতি খায়রুজ্জামান হুজাইফী। পরিচালনা করেন ৫৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা কামরুজ্জামান রাহমানী।