আফগানিস্তানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পাকতিকা প্রদেশে গভীর রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আজ মধ্যরাত ও ভোরে এই আকস্মিক হামলা চালানো হয়। তালেবান সরকারের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার শেষরাত পাকিস্তানি যুদ্ধবিমানগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসে আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে। এর পাশাপাশি পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশেও একই সময়ে হামলা চালানো হয়েছে।
তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে বেসামরিক নাগরিকদের ওপর একটি “মানবিক অপরাধ” হিসেবে অভিহিত করেছে।
এই ঘটনার ফলে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনায় থাকা প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।