মানিকগঞ্জ | ১৬ মার্চ ২০২৬
ঈদুল ফিতরকে সামনে রেখে আরিচা–পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ঘাটগুলোর সংযোগ সড়ক ও অবকাঠামোর মেরামতকাজ ধীরগতিতে চলায় ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন যাত্রী ও পরিবহন চালকেরা।
পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট ফেরিঘাটগুলোর সংযোগ সড়ক ও অবকাঠামোর মেরামতকাজ বর্তমানে কচ্ছপগতিতে চলছে বলে অভিযোগ করেছেন ট্রাক ও বাসচালকেরা। ঈদের ছুটিতে দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ এবং যানবাহনের চাপ এসব ঘাটে উল্লেখযোগ্যভাবে বাড়বে।
যানবাহন শ্রমিকদের মতে, দ্রুতগতিতে মেরামতকাজ শেষ না হলে এবারের ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
সূত্র জানায়, ফেরি লোড-আনলোডের জন্য মানিকগঞ্জের আরিচায় দুটি, পাটুরিয়ায় পাঁচটি, পাবনার কাজীরহাটে একটি এবং রাজবাড়ীর দৌলতদিয়ায় পাঁচটির মধ্যে তিনটি ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে। নদীর পানির স্তর অনুযায়ী এসব ঘাট বছরে তিনবার হাই, মিড ও লো-ওয়াটার লেভেলে স্থানান্তর করা হয়।
শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বর্তমানে অধিকাংশ ঘাট লো-ওয়াটার লেভেলে নামানো হয়েছে। এতে সংযোগ সড়ক অনেক ঢালু ও খাড়া হয়ে গেছে। ইট ও খোয়া বিছানো এসব সড়কে গর্ত ও ধুলাবালু সৃষ্টি হয়ে অনেক স্থানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কাজীরহাটে একমাত্র ফেরিঘাট দিয়ে বর্তমানে যানবাহন ওঠানামা করছে। ঘাটটি বেশি ঢালু হওয়ায় প্রায়ই সংযোগ সড়কে যানবাহন বিকল হয়ে পড়ছে, ফলে ফেরি লোড-আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, আরিচা দুই নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহন ওঠানামায় চালকদের বেগ পেতে হচ্ছে। একই অবস্থা পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটেও।
এছাড়া দীর্ঘদিন ধরে পাটুরিয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটটিও বেশি ঢালু হওয়ায় লোড-আনলোডে সমস্যা হচ্ছে। তবে ৩ ও ৪ নম্বর ঘাট তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়ায় বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর তিনটি ঘাট ব্যবহার করা হচ্ছে। এসব ঘাটের সংযোগ সড়কের অবস্থাও খারাপ হওয়ায় ফেরি থেকে যানবাহন ওঠানামায় সমস্যা হচ্ছে।
এ বিষয়ে Bangladesh Inland Water Transport Corporation (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, পাটুরিয়ায় পাঁচটি ফেরিঘাটের মধ্যে চারটি সচল রয়েছে। লো-ওয়াটার লেভেলে নামানোর কারণে সংযোগ সড়ক ঢালু হয়ে গেছে, ফলে বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো ওপরে উঠতে সময় লাগছে।
তবে ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে Bangladesh Inland Water Transport Authority (বিআইডব্লিউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ঈদকে সামনে রেখে আরিচা–কাজীরহাট ও পাটুরিয়া–দৌলতদিয়া রুটের সব ফেরিঘাট প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, “অতিরিক্ত মালামাল বহনকারী কিছু যানবাহন সংযোগ সড়কে উঠতে সমস্যায় পড়ছে। তবে ঘাটগুলোতে স্বাভাবিক ঢাল রাখা হয়েছে, তাই বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।”