উখিয়া (কক্সবাজার) — ৩১ মার্চ ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত কিশোরের নাম মো. নাসির (১৮)। তিনি মুছারখোলা এলাকার মো. আলীর ছেলে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে নাসিরের সহযোগী মিজান (১৯) পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, মিজানও একই এলাকার বাসিন্দা।
বালুখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল আজাদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।”