আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম (বাসস):জেলার রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাহবাব মন্ডল আড়াই বছর ও আবু তোহা মন্ডল (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এবং রৌমারী থানার উপ-পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পরিবারসূত্রে জানা যায়, সকালে দুই শিশু তালেব মন্ডলের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির সময় তাদের পুকুরে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শাহনেওয়াজ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।