৭ দফা দাবি ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, “আগামী ৩১ অক্টোবরের লংমার্চ হবে ঐতিহাসিক। ৭ দফা দাবি বাস্তবায়নসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ধরনের ভয়ভীতি, চক্রান্ত কিংবা ষড়যন্ত্র আমাদের এই আন্দোলন-সংগ্রামকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চের সফল বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে হবে। দায়িত্বশীল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আবু সাদিক, সংসদ সদস্য আব্দুল গফুর ও মোঃ আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচির সার্বিক বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ লংমার্চের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়া চৌড়হাস মোড়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।